উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুর প্রতিনিধি : ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার করা উচিত।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ সময় পর রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। তার দাবি, বর্তমান সরকার এতদিন আগের সরকারের সময় দায়িত্বে থাকা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি। তাই পদত্যাগের পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা উচিত।তিনি আরও বলেন, গত বছরও জামালপুরের মানুষ তাদের আন্দোলনের পাশে ছিলেন এবং এখনও সেই সমর্থন অব্যাহত রয়েছে। সম্প্রতি জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, জনগণ গণভোটের পক্ষে রায় দিলেও এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একই সঙ্গে এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, জাতীয় ঐক্যকে গুরুত্ব না দিলে সরকার কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের মতো পরিস্থিতি তৈরি হলে প্রয়োজন হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ আবারও রাজপথে নামতে পারে।সমাবেশে এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।এ সময় আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।