উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে।বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে।বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় টানা ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।