উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হলেও বর্তমান পরিস্থিতিতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।বুধবার (২২ জুলাই) রাতে তিনি এ তথ্য জানান।চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য তখনই তার আসন হারান, যখন তিনি যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এ দুটি ঘটনার কোনোটিই ঘটেনি। ফলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার সুযোগ নেই।জামায়াত যদি গাজী নজরুলের সদস্যপদ বাতিলের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করে, তাহলে কী হবে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ ধরনের আবেদন এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। তবে সেক্ষেত্রেও মূল প্রশ্ন হবে, তিনি স্বেচ্ছায় দলত্যাগ করেছেন কি না।এর আগে জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তিতে জানায়, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।অন্যদিকে, বিষয়টি নিয়ে ভিন্নমত দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’-এর কথা বলা হয়েছে, আর এখানে ঘটেছে ‘বহিষ্কার’। তার মতে, নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সে প্রশ্ন নতুন করে বিবেচনায় আসতে পারে।