উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্রগ্রাম প্রতিনিধি : ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হওয়া সাত বছরের শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (র.) স্কুলের শিক্ষার্থী তাসকিন প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্কুলে যায়। ছুটি শেষে দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।পরে তাসকিনের এক সহপাঠীর কাছ থেকে জানা যায়, এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশুটিকে বলেন, ‘তোমার বাবা হাসপাতালে ভর্তি, তিনি তোমাকে সঙ্গে যেতে বলেছেন।’ এই কথা বিশ্বাস করিয়ে তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর শিশুটির বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে অপহরণের মামলা দায়ের করেন। এরপরই জেলা পুলিশের একাধিক দল উদ্ধার অভিযানে নামে।তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে নিরাপদে উদ্ধার করে। একই অভিযানে মো. রাকিব, মো. ফয়সাল ও মো. জাহাঙ্গীর আলম নামে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় এবং অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া মো. ফয়সাল শিশুটির আপন মামাতো ভাই। তিনি পূর্বপরিকল্পিতভাবে তাসকিনকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না এবং পুরো অপহরণচক্রের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।