উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়া ভেড়ামারা প্রতিনিধি : ||
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে আহত হয়েছেন ইমরান হোসেন (৩৮) নামে এক সাপুড়ে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের আমিরুল ইসলামের বাড়িতে সাপ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বাড়ির উঠানে একটি গর্ত থেকে গোখরা সাপ বের করে ধরার সময় অসাবধানতাবশত সেটি ইমরানের হাঁটুর ওপরে ছোবল দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।ইমরান জানান, এর আগের দিন একই বাড়ির এক যুবক সাপের কামড়ে মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে তাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি প্রথমে তিনটি সাপের বাচ্চা উদ্ধার করেন। পরে একটি বড় গোখরা সাপ বের করে ধরার সময় দুর্ঘটনার শিকার হন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার পর ইমরানকে প্রয়োজনীয় অ্যান্টিভেনমসহ চিকিৎসা দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন তিনি আশঙ্কামুক্ত।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের একটি ভিজিটিং কার্ড ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজেকে সাপুড়ে ও বিষঝাড়া ওঝা হিসেবে পরিচয় দিয়ে সাপ ধরা ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা করার দাবি করেছেন।