উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
জর্ডানে ইরান ও তার মিত্রবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ১৭ জুলাই জর্ডানে সংঘটিত এই হামলায় ইরান ও তার মিত্রদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় হতাহতের ঘটনা ঘটে।সেন্টকম জানায়, আহত চার মার্কিন সেনাকে জর্ডানের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।নিহত দুই সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সেন্টকম জানিয়েছে, পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।মার্চ মাসের পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এটিই প্রথম ঘটনা, যেখানে মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে ইরানের সেনাবাহিনী দাবি করে, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে মার্কিন সামরিক যোগাযোগব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলার সময় পেন্টাগন বা সেন্টকম এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে তারা আরও ব্যাপক পাল্টা জবাব দেবে।পাশাপাশি ইরান দাবি করেছে, তারা ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজেও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া তেহরানের অভিযোগ, গত এপ্রিলের যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে একাধিক হামলা চালিয়েছে, যা পূর্ববর্তী সমঝোতার শর্তের পরিপন্থী।