উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামে এক নারী বন্দী পালিয়ে গেছেন। শনিবার সকাল পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে এবং পুলিশ পলাতক বন্দীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।কারা সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা রিম্পা ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের কারাদণ্ড পেয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারাগারের ভেতরে তাকে খুঁজে না পেয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে কোনো খোঁজ মেলেনি।কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শিরিন আক্তার জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারা কর্তৃপক্ষের দায়ের করা মামলার ভিত্তিতে পলাতক নারী বন্দীকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।