উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ||
অসংখ্য উদ্ধার অভিযানে সাহসিকতার পরিচয় দেওয়া রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক (২৬) দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছেন। শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা অপসারণের কাজ চলাকালে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্পিডবোটের সামনে অবস্থান নিয়ে কাজ করার সময় ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান সাদিক। পরে ডুবুরি দলের দীর্ঘ অভিযানের পর সন্ধ্যায় কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, পানিতে পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লেগে থাকতে পারে। কারণ সাদিক ছিলেন অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত ডুবুরি।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা সাদিক ২০২১ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। ২০২২ সালে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে পদায়নের পর একাধিক ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাহসিকতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ গত বছর তিনি ‘সেরা ডুবুরি’ হিসেবে রাষ্ট্রীয় পদক লাভ করেন।চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় সাদিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২০২৪ সালে বিয়ে করে স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেছিলেন। দায়িত্ব পালন করতে গিয়েই তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং ফায়ার সার্ভিসে শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দেন।