উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাঙ্গামাটি প্রতিনিধি ||
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নদীতে ছেড়ে দেওয়া হবে।শুক্রবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩.৯১ ফুট (মিন সি লেভেল), যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। উজান থেকে পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে আরও জলকপাট খুলে পানির প্রবাহ বাড়ানো হতে পারে।এদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে এবং বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকা, নৌযান চলাচলকারী, জেলে ও স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।