উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।বৈঠকে রাষ্ট্রদূত জানান, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন।আলোচনায় শিক্ষা খাত ছাড়াও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি, সৌদি শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ার বিদ্যমান জটিলতা দূর করার বিষয় গুরুত্ব পায়।এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের অবদান সৌদি আরবের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।