উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশাল প্রতিনিধি ||
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বরিশালে অনুষ্ঠিত হতে যাওয়া ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বরিশাল বিভাগের জামায়াতের সব স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের প্রতি সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ জুলাই (শনিবার) দুপুর ২টায় বরিশালের হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং দীর্ঘদিনের অবহেলার অবসানের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।