উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুর প্রতিনিধি ||
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রিগান আক্তার ওরফে মিম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা ব্যাপারী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রিগান আক্তার ওই এলাকার সাইফুল আলমের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে। স্বামী সাইফুল চাকরির কারণে ঢাকায় অবস্থান করেন।পরিবারের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরা দুই ব্যক্তি বাড়িতে ঢুকে সাইফুলের ছোট ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে। পরে পাশের কক্ষে থাকা রিগান আক্তারকে হত্যা করে পালিয়ে যায় তারা।নিহতের স্বজনরা জানান, রাতে বাড়ির ফটক বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। ভোররাতে চিৎকার শুনে তারা জেগে উঠলেও ফটকের চাবি খুঁজে পাওয়া যায়নি। পরে দেখা যায়, ফটকের তালা বাইরে পড়ে আছে।প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় বাড়ির একটি জানালা খোলা দেখতে পান তারা। পরে ঘরের ভেতর থেকে রিগান আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, লুটপাটের সময় দুর্বৃত্তরা ওই গৃহবধূকে চিনে ফেলায় তাকে হত্যা করে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে তারা ঘরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।শাহরাস্তি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।